বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চেংগুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চেংগুর গ্রামের মজিদ নামের ব্যক্তিকে কৃষিজমির উপরিভাগ কেটে নেওয়া এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে জরিমানা করা হয়েছে। এসময় তিনি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। পরে এটি আশেকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নান্নু মিয়ারের জিম্মায় রাখা হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





